ক্রিকেটের সোনালি যুগ অনেক আগেই পেরিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সত্তর থেকে নব্বইয়ের দশকের দাপুটে ক্যারিবীয় অধ্যায় এখন ইতিহাসের অংশ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তারা এখনও ভয়ংকর ২০১২ ও ২০১৬ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি তারই প্রমাণ।
চলতি টুর্নামেন্টেও দারুণ ছন্দে আছে উইন্ডিজ। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকেও পরাজিত করেছে ৩০ রানে। ফলে দুই ম্যাচে দুই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে ক্যারিবীয়রা।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের নায়ক শেরফান রাদারফোর্ড—মাত্র ৪২ বলে খেলেন ৭৬ রানের ঝড়ো ইনিংস। তার সঙ্গে হেটমায়ারের ১২ বলে ২৩ ও জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের কার্যকর ক্যামিও দলকে বড় স্কোরে পৌঁছে দেয়।
ইংল্যান্ডের জবাবও শুরুতে ভালো ছিল। প্রথম পাঁচ ওভারে তাদের সংগ্রহ ৫৮/১, ১০ ওভারে ৯৩/৪—যা উইন্ডিজের তুলনায় এগিয়ে। কিন্তু শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে ছন্দ হারায় তারা। ১৯ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন স্যাম কারান (৩০ বলে), তবে সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বল হাতে উইন্ডিজের হয়ে সবচেয়ে সফল গুডাকেশ মোটি। তিনি ৩৩ রানে ৩টি উইকেট নিয়ে ইংল্যান্ডের মিডল অর্ডার ভেঙে দেন।
টানা দ্বিতীয় জয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান জানান দিল ওয়েস্ট ইন্ডিজ।
মানবকণ্ঠ/আরআই




Comments