ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (মিরপুর) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমাদ বিন কাসেম আরমান পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট। আরমান তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৭ হাজার ৭৯০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মীর আহমাদ বিন কাসেম আরমান মিরপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মিরপুরবাসী একটি চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত সমাজ চায়। আমি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কাজ করে যাব।"
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন শেষ হলেও জনগণের পাশে থাকার অঙ্গীকার সবসময় থাকবে।
এর আগে নির্বাচনের প্রচারণাকালে শাহ আলী মাজার মসজিদে জুমার নামাজ শেষে তিনি বলেছিলেন, সৃজনশীলভাবে এলাকার সমস্যার সমাধান করা এবং একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ‘ফ্যাসিবাদের দোসরদের’ বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments