কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের এই সাবেক নেতাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি এলাকায় ফিরে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
টুটুল সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে তাঁর পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তাঁর জাপান যাওয়ার কথা ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন টুটুল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, টুটুল সম্প্রতি এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এসএ




Comments