Image description

নতুন সরকার দায়িত্ব গ্রহণের ঠিক আগমুহূর্তে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি জমান। 

অন্যদিকে, প্রধান নির্বাচকের পদে চুক্তি বাড়াতে অনাগ্রহ প্রকাশ করেছেন গাজী আশরাফ হোসেন লিপু। এই দুই ঘটনায় বিসিবিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

কদিন আগেও আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন উঠলেও সেবার তিনি থেকে গিয়েছিলেন। তবে এবার আর কোনো গুজব নয়, সপরিবারে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন তিনি। যাওয়ার আগে বোর্ড পরিচালকদের তিনি জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যাচ্ছেন এবং দ্রুতই ফিরবেন। তবে নতুন সরকার ও নতুন ক্রীড়ামন্ত্রী নিয়োগের পর বিসিবির বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কী হবে, তার ওপরই মূলত বুলবুলের ফেরা বা না ফেরা নির্ভর করছে বলে ধারণা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তীব্র সমালোচনার মুখে ছিলেন বুলবুল। যে নির্বাচনের মাধ্যমে তিনি সভাপতি হয়েছেন, তা নিয়েও ছিল বিস্তর বিতর্ক। ক্রীড়াঙ্গনের অনেকের মতে, বুলবুল হয়তো আর ফিরবেন না এবং দৃশ্যপটের বাইরে থাকাকেই নিরাপদ মনে করছেন।

বিসিবির শীর্ষ পদে অস্থিরতার মধ্যেই বড় খবর হলো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর দীর্ঘ মেয়াদে কাজ করতে আগ্রহী নন। চলতি মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 

লিপু জানিয়েছেন, তিনি বড়জোর এক বছর বা তার কম সময়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন, তবে সেখানেও পারিবারিক কারণে ছুটির শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

জাতীয় দলের প্রধান নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ পদে এমন শর্ত দিয়ে কাজ করা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে বিসিবিতে বিতর্ক শুরু হয়েছে। লিপু সরে দাঁড়ালে নির্বাচক প্যানেলে হাসিবুল হোসেন শান্ত একা হয়ে পড়বেন, যা নির্বাচক কমিটিকে বড় সংকটে ফেলবে।

সব মিলিয়ে নতুন ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বিসিবির প্রশাসনিক ও নীতি-নির্ধারণী পর্যায়ে বড় ধরনের রদবদল এখন সময়ের ব্যাপার মাত্র।

মানবকণ্ঠ/ডিআর