হাবিবুল বাশারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। দুই বছরের দায়িত্ব পালনের পর লিপু পারিবারিক কারণে আর এই পদে থাকতে আগ্রহী নন। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়ার কথা জানিয়েছেন।
লিপুর মেয়াদ এই মাসেই শেষ হওয়ায় প্রধান নির্বাচকের পদ শীঘ্রই শূন্য হবে। এ পরিস্থিতিতে সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যদিও হাবিবুল বাশার এখনই প্রস্তাব গ্রহণ করেননি, তিনি আরও কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক পদে দায়িত্ব নেওয়ার জন্য। এর ফলে শীঘ্রই তিনি বাংলাদেশের পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।
মানবকণ্ঠ/আরআই




Comments