বোলারদের অবিশ্বাস্য নৈপুণ্যে অল্প পুঁজি নিয়েও দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামী রোববার দুপুর ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। মামুলি এই রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান নারী ‘এ’ দল। দলীয় ৯ রানেই তারা ২ উইকেট হারায়। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৪ রানে তৃতীয় উইকেট পড়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ২০ বল বাকি থাকতেই মাত্র ৫৬ রানে অলআউট হয় তারা। পাকিস্তানের কোনো ব্যাটারই ১৫ রানের কোঠা পার হতে পারেননি, দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন মাত্র ৩ জন।
বল হাতে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন। মেঘলা ৩ ওভার ৪ বল করে মাত্র ৬ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। ফাহিমা খাতুনও সমান ৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এছাড়া ফাতেমা জাহান, ফারজানা ইয়াসমিন ও ফারিহা তৃষ্ণা একটি করে উইকেট নেন।
এর আগে, ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা খুব একটা বড় স্কোর গড়ার মতো ছিল না। ইশমা তানজিম (১২), শামিমা সুলতানা (১৩) ও শারমিন সুলতানা (১৫) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। তবে চার নম্বরে নেমে ফাহিমা খাতুন ৩২ বলে ৪০ রানের এক দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলে দলকে ১১০ রানের লড়াই করার মতো পুঁজি এনে দেন। শেষ পর্যন্ত এই অল্প রানই বোলারদের দাপটে পাকিস্তানের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়।
মানবকণ্ঠ/আরআই




Comments