Image description

ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের রোমাঞ্চকর সূচি চূড়ান্ত হয়েছে। বুধবার দিবাগত রাতে শেষ ষোলোর লড়াই শেষে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আটটি দল। এবারের লাইন-আপ অনুযায়ী, সেমিফাইনালের টিকিট পেতে সবচেয়ে বড় অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে।

কোয়ার্টার ফাইনালে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন দুই ধ্রুপদী লড়াই। সেমিফাইনালের ওঠার মিশনে রিয়াল মাদ্রিদকে লড়তে হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব লিভারপুল।

তালিকায় বার্সেলোনার জন্য অপেক্ষা করছে চেনা প্রতিপক্ষ। শেষ আটে কাতালানদের লড়তে হবে স্বদেশী ক্লাব আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। অন্যদিকে, তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। মিকেল আর্তেতার শিষ্যরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের।

একনজরে কোয়ার্টার ফাইনালের সূচি:

কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি বনাম লিভারপুল

কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ

কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ

কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্টিং লিসবন বনাম আর্সেনাল

টুর্নামেন্টের ব্র্যাকেট অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল-১ ও কোয়ার্টার ফাইনাল-২ এর বিজয়ী দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে কোয়ার্টার ফাইনাল-৩ ও ৪ এর জয়ী দুই দল। অর্থাৎ, নিজেদের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে বার্সেলোনা ও আর্সেনালের মহারণ দেখার সম্ভাবনা রয়েছে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল এবং দ্বিতীয় লেগ হবে ১৪ ও ১৫ এপ্রিল। এরপর ২৮-২৯ এপ্রিল এবং ৫-৬ মে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুই লেগ। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

মানবকণ্ঠ/ডিআর