আসন্ন মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। তবে ফুটবল ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই স্কোয়াডে জায়গা পাননি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে মাঠে নামা হচ্ছে না ৪১ বছর বয়সী এই তারকার।
গত ২৮ ফেব্রুয়ারি ক্লাব আল নাসরের হয়ে খেলার সময় চোট পান রোনালদো। এরপর থেকেই তাঁর ফিটনেস নিয়ে শঙ্কা দেখা দেয়। গত দুই সপ্তাহ ধরে মাদ্রিদে নিবিড় চিকিৎসা নিলেও মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ (১৪৩) গোলের এই মালিক।
আগামী ২৮ মার্চ মেক্সিকোর আজটেকা স্টেডিয়াম এবং ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্বাগতিকদের মুখোমুখি হবে পর্তুগাল। ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের মাটিতে আর খেলা হয়নি রোনালদোর। দীর্ঘ বিরতির পর সেখানে ফেরার সুযোগ থাকলেও চোটের কারণে তা হাতছাড়া হলো।
রোনালদোকে ছাড়া স্কোয়াড ঘোষণা করলেও ভক্তদের আশ্বস্ত করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। তিনি জানান, রোনালদোর চোট গুরুতর নয় এবং তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।
মার্তিনেজ বলেন, “এটা ছোট ধরনের ইনজুরি। আমরা আশা করছি এক-দুই সপ্তাহের মধ্যেই সে মাঠে ফিরবে। এই মৌসুমে ক্রিস্টিয়ানো যেভাবে নিজেকে ধরে রেখেছে, তাতে স্পষ্ট যে সে দারুণ ফিট।”
ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বার্সেলোনা তারকা জোয়াও ফেলিক্স এবং ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেস। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন রিয়াল সোসিয়েদাদের উইঙ্গার গনসালো গেদেস।
চলতি মৌসুমে ৯ গোল করে ফর্মে থাকা গেদেসকে নিয়ে মার্তিনেজ বলেন, “সে একজন বহুমুখী খেলোয়াড় এবং ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে।”
আগামী ১৭ জুন হিউস্টনে প্লে-অফ বিজয়ী কোনো দলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।
মানবকণ্ঠ/ডিআর




Comments