জাইমা রহমানের চেলসি কানেকশন নিয়ে বিভ্রান্তি দূর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবলপ্রীতি এবং লন্ডনের নামী ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হওয়ায় প্রকৃত ঘটনা স্পষ্ট করতে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, জাইমা রহমান যখন লন্ডনে স্কুল পর্যায়ে পড়াশোনা করতেন, তখন তিনি নিয়মিত ফুটবল খেলতেন। সেই সময়েই গোলরক্ষক হিসেবে তার প্রতিভা নজর কেড়েছিল এবং চেলসির বয়সভিত্তিক দলে খেলার একটি সুযোগ তৈরি হয়েছিল। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক জানান, খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকেই তিনি জাইমার গোলকিপিংয়ের বিষয়ে প্রথম শুনেছিলেন।
আমিনুল হক উল্লেখ করেন, চেলসির মতো বড় ক্লাবের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়ের শিক্ষাজীবনকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা দুজনেই অত্যন্ত ক্রীড়াপ্রেমী হওয়া সত্ত্বেও চেয়েছিলেন জাইমা রহমান আগে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। ফলে শেষ পর্যন্ত ফুটবল ক্যারিয়ারের পরিবর্তে পড়াশোনাকেই বেছে নেওয়া হয়।
প্রতিমন্ত্রী মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমানের সঙ্গে তার একটি আলাপচারিতার কথা তুলে ধরেন। তিনি জানান, ক্রিকেট খেলা চলাকালীন জাইমা রহমান তাকে বলেছিলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’ মূলত জাইমা রহমান লম্বা হওয়ায় গোলকিপিংয়ে তার বিশেষ দক্ষতা ছিল।
আমিনুল হক জোর দিয়ে বলেন যে, ইউরোপীয় দেশগুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি গভীর অনুরাগ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই তিনি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments