Image description

আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট—রেকর্ড গড়া যেন সাকিব আল হাসানের সহজাত প্রবৃত্তি। এবার ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন’-এর মর্যাদাপূর্ণ এক তালিকায় নাম লেখালেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। আইপিএলের ইতিহাসে অ-ভারতীয় এশিয়ান ক্রিকেটারদের নিয়ে গড়া সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।

উইজডেন প্রকাশিত এই একাদশে ভারত বাদে এশিয়ার অন্য দেশগুলোর সেরা পারফর্মারদের স্থান দেওয়া হয়েছে। পুরো তালিকায় সাকিক আল হাসানই একমাত্র বাংলাদেশি প্রতিনিধি। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত ১০ বছরের আইপিএল ক্যারিয়ারে সাকিব ৭১টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১২৪.৪৮ স্ট্রাইকরেটে ৭৯৩ রান করার পাশাপাশি বল হাতে তিনি ছিলেন অনবদ্য। মাত্র ৭.৪৩ ইকোনমিতে তিনি শিকার করেছেন ৬৩টি উইকেট। মূলত একজন কার্যকরী স্পিন অলরাউন্ডার হিসেবেই তাকে পাঁচ নম্বরে রাখা হয়েছে।

উইজডেনের এই একাদশে আধিপত্য দেখিয়েছে শ্রীলঙ্কা। তাদের ছয়জন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের রয়েছেন দুজন করে ক্রিকেটার। ওপেনিংয়ে লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার সঙ্গী হিসেবে রাখা হয়েছে আফগান হার্ডহিটার রহমানউল্লাহ গুরবাজকে। তিন ও চার নম্বরে রয়েছেন লঙ্কান দুই মহাতারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

মিডল অর্ডারে সাকিবের পর অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের আজহার মেহমুদ ও লঙ্কান থিসারা পেরেরাকে। স্পিন বিভাগে সাকিবের সঙ্গে থাকছেন লেগ স্পিন জাদুকর রশিদ খান ও কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। পেস আক্রমণে আইপিএলের অন্যতম সফল বোলার লাসিথ মালিঙ্গার সঙ্গে রয়েছেন প্রথম আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী সোহেল তানভীর।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হলেও সাকিব আল হাসান বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিজের দাপট বজায় রেখেছেন। উইজডেনের এই স্বীকৃতি আবারও প্রমাণ করল, বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চগুলোতে সাকিবের অবদান কতটা অনস্বীকার্য।

উইজডেনের সেরা অ-ভারতীয় এশিয়ান আইপিএল একাদশ:

১. সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
২. রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
৩. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
৪. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)
৬. আজহার মেহমুদ (পাকিস্তান)
৭. থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
৮. রশিদ খান (আফগানিস্তান)
৯. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)
১০. সোহেল তানভীর (পাকিস্তান)
১১. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

মানবকণ্ঠ/আরআই