ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলে জাম্বিয়াকে বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজদের দারুণ নৈপুণ্যে আফ্রিকান দলটিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোমবোনেরো স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আড়ালে এটি ছিল মূলত আলবিসেলেস্তেদের ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির মহড়া।
ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনা। মাত্র ৪ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। লিয়ান্দ্রো পারেদেসের বাড়ানো লং পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে বল পাঠান মেসি, আর সেখান থেকেই জোরালো শটে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক ২ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে বল জালে জড়ান তিনি। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে ৪০টি ভিন্ন দেশের বিপক্ষে মেসির গোল করার অনন্য কীর্তি।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৫০ মিনিটে থিয়াগো আলমাদা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। অধিনায়ক মেসি নিজে শট না নিয়ে সুযোগটি করে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে। সফল স্পটকিক থেকে গোল করেন তিনি। দেশের মাটিতে এটিই ছিল ওতামেন্দির শেষ ম্যাচ।
ম্যাচের ৬৮ মিনিটে চতুর্থ গোলটি উপহার পায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ক্রমাগত চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। আর নির্ধারিত সময়ের শেষে যোগ করা সময়ে (৯৩ মিনিট) দলের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন তরুণ তুর্কি ভ্যালেন্টিন বারকো।
ম্যাচটিতে মোট আটজন খেলোয়াড়কে বদলি হিসেবে মাঠে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা সেরে নেন কোচ স্কালোনি। এমনকি ৭৪ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে তুলে নিয়ে হুয়ান মুসোকে সুযোগ দেওয়া হয়। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ। দাপুটে এই জয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই পরবর্তী মিশনের পথে হাঁটল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মানবকণ্ঠ/আরআই




Comments