বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হতে বাকি আর মাত্র ৬৮ দিন। এর মধ্যেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কে হাসবে শেষ হাসি, কার ঘরে যাবে সোনালি ট্রফি—তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এরই মধ্যে ব্রিটিশ পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’ (Opta) তাদের সুপারকম্পিউটার বিশ্লেষণের মাধ্যমে আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য জয়ীদের একটি তালিকা প্রকাশ করেছে।
সুপারকম্পিউটারের এই গাণিতিক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের এই মহাযজ্ঞে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। দলটির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ। ফিফা র্যাঙ্কিংয়ে সাম্প্রতিক ওঠানামা সত্ত্বেও স্প্যানিশদের খেলার ধরন ও স্কোয়াড বিবেচনায় তাদেরকেই প্রধান ফেবারিট হিসেবে দেখছে অপটা।
তালিকায় স্পেনের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফরাসিদের শিরোপা জয়ের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলেরই ট্রফি জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এছাড়া ৬.৯২ শতাংশ সম্ভাবনা নিয়ে তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে, বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানি রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।
এবারের বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট হওয়ায় গ্রুপ পর্বে তৃতীয় হওয়া সেরা আটটি দলও নকআউট পর্বে ওঠার সুযোগ পাবে। ফলে বড় দলগুলোর জন্য শুরুতে বাদ পড়ার ঝুঁকি কম থাকলেও নকআউট পর্বে লড়াই হবে আরও চ্যালেঞ্জিং। অপটার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া এবং কাতারের মতো দলগুলো তৃতীয় হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিতে পারে।
আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা আসরের। ১০৪ ম্যাচের দীর্ঘ এই টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
মানবকণ্ঠ/ডিআর




Comments