সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট জয় করা বাংলাদেশের ট্রফি জয়ী যুবাদের জন্য বড় ঘোষণা দিয়েছে সরকার। মাঠের লড়াইয়ে ভারতকে হারিয়ে ইতিহাস গড়া এই ফুটবলারদের জন্য মাসিক ১ লাখ টাকা করে বেতন প্রদানের ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
গত শনিবার রাতে ট্রফি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন চ্যাম্পিয়নরা। ছাদখোলা বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। সেখানে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয় দেশসেরা এই উদীয়মান তারকাদের। একই অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য ঘোষণা করা হয় বড় অঙ্কের আর্থিক পুরস্কার।
ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আর্থিক প্রণোদনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে সবাইকে ছাপিয়ে বড় চমকটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
সাফ জয়ের পরপরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিশেষ পুরস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার ‘জাতীয় ক্রীড়া দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি সেই চমকপ্রদ ঘোষণাটি দেন। তিনি জানান, সাফজয়ী এই ফুটবলাররা এখন থেকে প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতন পাবেন, যা দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য নজির।
মাঠে লড়ে আসা এই তরুণ তুর্কিদের প্রতিভা ধরে রাখতে এবং তাদের ক্যারিয়ারের পথ সুগম করতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments