Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পথচলা শুরু হতেই যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই ক্রিকেটারদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এসেছে। বুধবার অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় দফার সভায় ঘরোয়া ক্রিকেটের পারিশ্রমিক বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে।

এদিনের সভার সবচেয়ে বড় চমক ছিল নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি। ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের নামমাত্র পারিশ্রমিক দেখে বিস্ময় প্রকাশ করেন তামিম ইকবাল। তিনি জানান, আগে যেখানে ম্যাচ ফি ছিল ১ থেকে ৫ হাজার টাকা, তা বাড়িয়ে সম্মানজনক পর্যায়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটাররা এখন থেকে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং দীর্ঘ সংস্করণের ম্যাচে ২০ হাজার টাকা করে পাবেন। এছাড়া নারী ক্রিকেটারদের মাসিক বেতন ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

নারী ক্রিকেটারদের পাশাপাশি পুরুষ ক্রিকেটারদের জন্যও সুখবর দিয়েছে নতুন বোর্ড। এখন থেকে ঘরোয়া ক্রিকেটে পুরুষ ক্রিকেটারদের দীর্ঘ সংস্করণের (লঙ্গার ভার্সন) ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিবেচনায় আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। তামিম ইকবাল জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা বা সাড়ে ১১টায় শুরু হবে। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা আড়াইটায় মাঠে গড়াবে।

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন বিভাগের দায়িত্ব ভাগ করে দিয়েছে অ্যাডহক কমিটি। তবে 'ক্রিকেট অপারেশন্স' বিভাগে আপাতত একক কোনো প্রধান নিয়োগ না দিয়ে তা সম্মিলিতভাবে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। বোর্ড সভায় জানানো হয়, গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম বাবু, টুর্নামেন্ট কমিটির দায়িত্বে থাকবেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন আতহার আলী খান। এছাড়া নারী ক্রিকেট, মেডিকেল ও অভিযোগ ব্যবস্থাপনা কমিটির তদারকির দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।

বিসিবির এই নতুন উদ্যোগগুলো দেশের ক্রিকেটে এক নতুন প্রাণচাঞ্চল্য তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই