Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আলহাজ মোবারক আলী স্মৃতি অন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। পীরগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্থানীয় মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের পিতা ও কোশারানীগঞ্জ ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ মোবারক আলীর স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে এবং খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং পীরগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ রিমু। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, খেলোয়াড়, কোচ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের অন্তঃউপজেলা টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/ডিআর