Image description

নিউজিল্যান্ডের মূল দলের একঝাঁক তারকা আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ত। মিরপুরের চেনা উইকেটে মাঠের লড়াইয়ে ছিল কিউইদের কার্যত দ্বিতীয় সারির একটি দল। কিন্তু সেই দলের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতায় জয়ের দেখা পেল না বাংলাদেশ। ২৪৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের পরাজয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদী হাসান মিরাজের দল।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২৪৭ রানে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলে বোলাররা। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান কিউই পেসার নাথান স্মিথ।

দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরেন লিটন দাস ও সাইফ হাসান। তৃতীয় উইকেটে তারা ১১৬ বলে ৯৩ রানের একটি লড়াকু জুটি গড়েন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেওয়া সাইফ হাসান ৭৬ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৭ রান করে আউট হন। সাইফের বিদায়ের পর ক্রিজে আসা তাওহীদ হৃদয় এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেলেও অন্য ব্যাটারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাননি। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মূল দলের অধিনায়ক মিচেল স্যান্টনারসহ রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন ও ড্যারিল মিচেলরা আইপিএল-পিএসএল নিয়ে ব্যস্ত থাকায় এই সিরিজে অনুপস্থিত। তা সত্ত্বেও নবাগত ও তরুণদের নিয়ে গড়া কিউই দলটির বিপক্ষে হার স্বাগতিকদের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিনের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাঠে উপস্থিত থেকে দলের সমর্থন জানালেও পরাজয়ের হতাশা নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।

এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।

মানবকণ্ঠ/ডিআর