Image description

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) আবারও সরকারের হস্তক্ষেপ। দুর্নীতি ও অব্যবস্থাপনায় অভিযুক্ত বর্তমান বোর্ডকে আগামী রবিবারের মধ্যে দায়িত্ব ছেড়ে দিতে বলেছে সরকার। বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

চারবারের সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ডটির বিরুদ্ধে অবশ্য অনেক দিন ধরেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

তাই এই বোর্ডকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটা জানিয়েছেন সেই কর্মকর্তা।

তাদের জায়গা অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগ দেওয়া হবে জানিয়ে সেই কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘একজন ব্যাংকার বিনিয়োগকারীর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন বোর্ড কমিটি গঠন করা হবে। জনগণের রাগকে গুরুত্ব দিচ্ছে লঙ্কান সরকার।’

এর আগে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০২৩ সালের নভেম্বরে শ্রীলঙ্কাকে শাস্তি দিয়েছিল আইসিসি।

পরে অবশ্য বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রকের সঙ্গে দীর্ঘ আলোচনা করে ২০২৪ সালের জানুয়ারিতে স্থগিতাদেশ তুলে নেয়।