নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে এক ‘অঘোষিত ফাইনালে’।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।
ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন থাকলেও দ্বিতীয় ম্যাচে তরুণ পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে (৩২ রানে ৫ উইকেট) ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে কাজের চাপ (ওয়ার্কলোড) কমাতে আজকের ম্যাচে নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে স্কোয়াডে নতুন অন্তর্ভুক্ত হওয়া তানজিম হাসান সাকিবকে খেলানো হতে পারে।
চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এ বিষয়ে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট বলেন, “ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের উইকেট রান করার জন্য দারুণ। তবে মাঝে মাঝে বল কিছুটা নিচু হয়ে আসতে পারে। আমাদের বোলাররা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
অন্যদিকে, নিউজিল্যান্ড দলও সিরিজ জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। গত বছর বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল কিউইরা। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় টম ল্যাথামের দল। কিউই পেসার উইল ও’রুর্ক জানান, সাগরিকায় গতি ও বাউন্স পাওয়ার আশা করছেন তারা এবং তাদের ফিল্ডিং ইউনিট সেরাটা দেওয়ার চেষ্টা করবে।
পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যকার ৪৮টি ওয়ানডে ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৫টিতে এবং বাংলাদেশ ১২টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তবে ঘরের মাঠে টাইগারদের সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস আজ নতুন কোনো ইতিহাস গড়ার বার্তাই দিচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, নিক কেলি, হেনরি নিকোলস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুর্ক, জেইডেন লেনক্স ও মুহাম্মদ আব্বাস।
মানবকণ্ঠ/আরআই




Comments