নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং লিটন দাসের দায়িত্বশীল ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। সিরিজ জয়ের জন্য কিউইদের প্রয়োজন ২৬৬ রান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের দ্বিতীয় বলেই উইল ও’রুরকের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান (০)। দ্রুতই বিদায় নেন আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও (১)। ৯ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরার চেষ্টা করেন সৌম্য সরকার, কিন্তু ২৬ বলে ১৮ রান করে তিনিও আউট হয়ে যান।
চতুর্থ উইকেটে লিটন দাসকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটার ১৬০ রানের এক দুর্দান্ত জুটি গড়ে বড় সংগ্রহের ভিত তৈরি করেন। লিটন দাস ৭৬ রান করে আউট হলেও শান্ত তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আউট হওয়ার আগে ১১৯ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি।
শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২২ এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩৩ রানে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন। এখন দেখার বিষয়, ২৬৬ রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটারদের টাইগার বোলাররা কতটা চাপে রাখতে পারেন।
মানবকণ্ঠ/আরআই




Comments