বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া নজিরবিহীন সংকটের মূলে উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস।
সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, সেই একটি স্ট্যাটাস এবং পরবর্তীতে তার অনড় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত বড় মাশুল দিতে হয়েছে দেশের ক্রিকেটকে—ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ।
ঘটনার সূত্রপাত হয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে। ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা এক অনলাইন সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হবে।
তবে বিসিবির সেই কূটনৈতিক প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গত ৩ জানুয়ারি রাতে আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি নিরাপত্তা ইস্যু তুলে ধরে বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত হবে না বলে নিজস্ব অভিমত ব্যক্ত করেন।
অভিযোগ উঠেছে, সরকারের উচ্চপর্যায়ের এই ব্যক্তির এমন আগাম মন্তব্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ রুদ্ধ হয়ে যায়।
পরবর্তীতে নিজের সিদ্ধান্তে অটল থেকে গত ২২ জানুয়ারি একটি পাঁচতারা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের ডেকে পাঠান আসিফ নজরুল। সেখানে তিনি ভারত সফরে না যাওয়ার স্বপক্ষে নানা যুক্তি তুলে ধরেন।
তবে তথ্যানুসন্ধানে দেখা গেছে, সেই বৈঠকের ৯ দিন আগেই অর্থাৎ ১৩ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলমের স্বাক্ষরিত একটি চিঠিতে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল।
চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, বাংলাদেশ দল যদি ভারতের পরিবর্তে অন্য কোনো ভেন্যুতে খেলতে যায়, তবেই কেবল সরকারি সহায়তা মিলবে।
মন্ত্রণালয়ের এমন অনড় অবস্থানের কারণে বিসিবি আইসিসির কাছে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দেয়। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হয় বাংলাদেশ। নিরাপত্তা অজুহাতে ভেন্যু পরিবর্তনের দাবিকে আইসিসি যৌক্তিক মনে করেনি। শেষ পর্যন্ত সদস্য দেশগুলোর ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।
ফলাফলস্বরূপ, রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের বলি হয়ে ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, আবেগী সিদ্ধান্ত ও পেশাদারিত্বের অভাবে দেশের ক্রিকেটের এই অপূরণীয় ক্ষতি হলো।




Comments