২০২৬ ফিফা বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত বিস্তারিত অনুমোদন দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিতব্য এই বিশ্বকাপে ভ্রমণ ব্যয়, পরিচালনা খরচ এবং করের উচ্চ হার নিয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছিল।
অনেক দেশের আশঙ্কা ছিল, টুর্নামেন্টে অংশ নিয়ে ভালো পারফরম্যান্স করলেও উচ্চ ব্যয়ের কারণে অনেক দলকে আর্থিক লোকসানের মুখে পড়তে হতে পারে। মূলত এই আর্থিক ঝুঁকি কমাতেই ফিফা প্রাইজমানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
গত ডিসেম্বরে ঘোষণা অনুযায়ী, ৪৮ দল নিয়ে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রাথমিক পরিকল্পনায় প্রতিটি দল ন্যূনতম ১ কোটি ৫০ লাখ ডলার এবং চ্যাম্পিয়ন দল ৫ কোটি ডলার পাওয়ার কথা ছিল।
তবে বিভিন্ন সদস্য অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর এই অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ফিফা বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনায় রয়েছে, যেখানে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আর্থিক অনুদান বৃদ্ধি এবং ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের উন্নয়ন তহবিল বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত আছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ বিশ্বকাপ বিশ্ব ফুটবলের আর্থিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদাহরণ হয়ে থাকবে। ফিফার “ফিফা ফরোয়ার্ড” প্রোগ্রামের মাধ্যমে সংস্থাটি বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে বলেও দাবি করা হয়েছে। বিস্তারিত সিদ্ধান্ত কাউন্সিল বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।




Comments