নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোতালেব (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর নদীর ঢালু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাইজবাগ (দাঁয়ারা কান্দি) গ্রামের বাসিন্দা। সাম্প্রতিক সময়ে হাওড় অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোতালেবসহ তিনজন ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে জগন্নাথপুর নদীর ঢালু এলাকায় যান। এসময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোতালেবের মৃত্যু হয়। তাঁর সাথে থাকা অন্য দুজন অক্ষত থাকলেও এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে এ অঞ্চলে বজ্রপাতে আরও বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ঈশ্বরগঞ্জের তারাটি গ্রামের মোঃ মজিবুর রহমান (৬৫) এবং নান্দাইলের মোয়াজ্জেমপুর গ্রামের নাসির উদ্দীন (৩১) অন্যতম। একের পর এক এমন ঘটনায় হাওড় এলাকার কৃষিজীবী ও মৎস্যজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আকাশে সামান্য মেঘ দেখা দিলেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেকে।
খবর পেয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বজ্রপাত থেকে জীবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং হাওড় এলাকায় আধুনিক বজ্রনিরোধক দণ্ড স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments