২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের রণকৌশল সাজাতে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই লক্ষ্যে ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এক চমৎকার মেলবন্ধনে সাজানো এই তালিকায় বড় চমক হিসেবে যেমন নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন ঘটেছে, তেমনি চোটের কারণে তরুণ তুর্কি এস্তেভাওয়ের বাদ পড়া ব্রাজিল শিবিরে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন লিগামেন্টের চোটের কারণে মাঠের বাইরে থাকার পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আবারও ছন্দে ফিরেছেন নেইমার জুনিয়র। ক্লাবের হয়ে শেষ ১২ ম্যাচে ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি। আনচেলত্তি বরাবরই পারফরম্যান্স ও ফিটনেসকে প্রাধান্য দেওয়ার কথা বললেও নেইমারের বর্তমান ফর্ম তাকে দলে ফেরাতে বাধ্য করেছে। তবে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে তার জায়গা হবে কি না, তা জানা যাবে ১৮ মে। সুযোগ পেলে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।
ব্রাজিল শিবিরের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে এসেছে ১৯ বছর বয়সী উইঙ্গার এস্তেভাওয়ের অনুপস্থিতি। ডান প্রান্তে গতির ঝড়ে নজর কাড়া এই ফুটবলার আনচেলত্তির অধীনে ৭ ম্যাচে ৫ গোল ও ৫ অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু হ্যামস্ট্রিং চোটের কারণে তাকে ছাড়াই প্রাথমিক তালিকা জমা দিতে হয়েছে। এর আগে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার এদের মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো।
তালিকায় নেইমারের পাশাপাশি ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে রাখা হয়েছে। রক্ষণভাগে মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েসদের পাশাপাশি তরুণ ভিতর রেইস এবং মুরিলোর মতো নতুন মুখও জায়গা পেয়েছেন। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা এবং মার্তিনেল্লির সাথে পাল্লা দিতে প্রস্তুত এনড্রিক, জোয়াও পেদ্রো এবং কাইও জর্জের মতো প্রতিশ্রুতিশীল ফুটবলাররা।
ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ২ জুনের মধ্যে এই ৫৫ জন থেকে ২৬ জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে রিও ডি জেনেরিওতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত দল ঘোষণা করবেন।
ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক:
আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ফেনেরবাহচে), বেন্তো (আল-নাসর), হুগো সুজা (করিন্থিয়ান্স), জন (ফরেস্ট), কার্লোস মিগুয়েল (পালমেইরাস)।
ডিফেন্ডার:
মার্কিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (পোর্তো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), ইবানেজ (আল-আহলি), আলেক্সান্দ্রো (লিল), ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), বেরালদো (পিএসজি), ভিতর রেইস (জিরোনা), মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্লামেঙ্গো), পাউলো হেনরিক (ভাস্কো), ভিতিনিও (বোতাফোগো), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), লুসিয়ানো জুবা (বাহিয়া), কাইও হেনরিক (মোনাকো), কাইকি (ক্রুজেইরো), কার্লোস আগুস্তো (ইন্টার)।
মিডফিল্ডার:
কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেশ (নিউক্যাসেল), ফাবিনিও (আল-ইত্তিহাদ), আন্দ্রে সান্তোস (চেলসি), দানিলো (বোতাফোগো), লুকাস পাকেতা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারাই), জোয়াও গমেস (উলভস), আন্দ্রেয়াস পেরেইরা (পালমেইরাস), জোয়েলিনটন (নিউক্যাসেল), গারসন (ক্রুজেইরো), মাতেউস পেরেইরা (ক্রুজেইরো)।
ফরোয়ার্ড:
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), মাতেউস কুনিয়া (ম্যান ইউনাইটেড), লুইজ হেনরিক (জেনিত), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), নেইমার (সান্তোস), এন্দ্রিক (লিও), রায়ান (বোর্নমাউথ), অ্যান্টনি (রিয়াল বেতিস), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), পেদ্রো (ফ্লামেঙ্গো), রিচার্লিসন (টটেনহ্যাম), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), কাইও জর্জ (ক্রুজেইরো)।




Comments