Image description

ক্রিস্তিয়ানো রোনালদোর শিরোপার অপেক্ষা কোনোভাবেই শেষ হচ্ছে না। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ-২ (এসিএল-২) এর ফাইনালে দাপট দেখিয়ে খেলেও হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আল নাসরকে। 

শনিবার রাতে রিয়াদের আল আউয়াল পার্কে জাপানি ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগিজ মহাতারকাকে।

পুরো ম্যাচে আধিপত্য ছিল আল নাসরের। ৬৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। গোলের উদ্দেশ্যে রোনালদোরা ১৭টি শট নিলেও তার ৬টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু গোলরক্ষক ও ভাগ্য সহায় না হওয়ায় জালের দেখা পাননি তারা। বিপরীতে, মাত্র ৩টি শট নিয়ে ২টিতে লক্ষ্য রেখে ২৯ মিনিটে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন গাম্বা ওসাকার ডেনিজ হুমেট। এই জয়ের মাধ্যমে ক্লাবটি তাদের দ্বিতীয় মহাদেশীয় শিরোপা ঘরে তুলল।

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বড় শিরোপা জিততে পারেননি রোনালদো। এই ফাইনালে হারের ফলে তার সেই হাহাকার আরও দীর্ঘায়িত হলো। ম্যাচে রোনালদোর একটি হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং হোয়াও ফেলিক্স ও ঘারিবের দুটি শট পোস্টে লেগে ফিরে আসলে স্বপ্নভঙ্গ হয় আল নাসরের। ওসাকার তরুণ গোলরক্ষক রুই আরাকিও একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট হাতছাড়া হলেও রোনালদোর সামনে এখন সুযোগ রয়েছে সৌদি প্রো লিগ জেতার। লিগে ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। লিগের শেষ ম্যাচে জয় কিংবা ড্র করতে পারলেই আল নাসরের হয়ে নিজের প্রথম শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ পাবেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।