২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। আগামী এক বছরের মধ্যে এই কারিকুলামের ডিজাইন সম্পন্ন করা হবে এবং ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।
রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত ‘প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং’ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এখন থেকে প্রাথমিক শিক্ষার মূল মাপকাঠি হবে—শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শুধু ভবন বা অবকাঠামো নয়, বরং শিক্ষার্থীদের প্রকৃত শিখনের ওপর ভিত্তি করে সকল কর্মকর্তার মূল্যায়ন করা হবে। তবে মানসম্মত শিক্ষার জন্য উন্নত ওয়াশরুম এবং আধুনিক শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য।”
নতুন কারিকুলামের বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, ভাষা, গণিত ও আইসিটি শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কারিকুলাম শুধুমাত্র শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি পাঠ পরিকল্পনা হবে ‘লার্নিং আউটকাম’ বা শিখন ফলের ওপর ভিত্তি করে। পাঠ্যবই তৈরির সময় তা কাদের জন্য এবং কোন প্রেক্ষাপটে তৈরি হচ্ছে, সেটি মাথায় রেখে শিক্ষার্থীদের সর্বোচ্চ শিখন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
নেপের মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর বিশেষ জোর দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments