সিলেট টেস্টে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের প্রথম ইনিংসে মাত্র ২৩২ রানে গুটিয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১১০ রান। ফলে প্রথম ইনিংসের ৪৬ রানসহ বাংলাদেশের বর্তমান লিড দাঁড়িয়েছে ১৫৬ রানে।
রোববার (১৭ মে) দিনের শুরুতে তাসকিন ও মিরাজের তোপে বিপদে পড়া পাকিস্তান মধ্যাহ্নভোজের পর বাবর আজমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে ৮৪ বলে ৬৮ রান করা বাবরকে ফিরিয়ে দিয়ে ব্রেক-থ্রু এনে দেন তরুণ পেসার নাহিদ রানা। শেষ দিকে সাজিদ খানের অপরাজিত ৩৮ রানের ওপর ভর করে ২৩২ রান পর্যন্ত পৌঁছায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ হাসানকে (৪) হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দুর্দান্ত প্রতিরোধ গড়েন। জয় ৬৪ বলে ৫২ রানের লড়াকু এক ইনিংস খেলে মোহাম্মদ আব্বাসের শিকার হন। মুমিনুল হক ৬০ বলে ৩০ রান করে খুররম শাহজাদের বলে সাজঘরে ফেরেন।
দিনের বাকি সময়টুকু দেখেশুনে পার করে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। হাতে ৭ উইকেট রেখে ১৫৬ রানের লিড পাওয়ায় তৃতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।
মানবকণ্ঠ/আরআই




Comments