ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ মে) বেলা পৌনে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার আব্দুল হাকিম (৪৮) ও মৌড়াইল এলাকার কাল মিয়া (৩৮)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫০ টাকা করে জরিমানা করেন। রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এলাকা থেকে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট চড়া দামে বিক্রির সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ১১টি টিকিট উদ্ধার করা হয়, যাতে মোট ২৩টি আসন ছিল।
রেলওয়ে পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে টিকিট কালোবাজারি রোধে স্টেশনে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ এই দুই কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments