চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মাদাম বিবির হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) সকালে রেললাইনের পাশ থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম ভাটিয়ারী ইউনিয়নের মো. বাদশা মিয়ার ছেলে বলে পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট নেভি গেট এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল কালাম আজাদ জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে একটি পরিচয়পত্র পাওয়া গেছে, যা থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments