মাদারীপুরের শিবচরে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই ছাত্রীর চাচাসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটি ভ্যান গাড়ির গ্যারেজ ভাঙচুর করেছে বলেও জানা গেছে।
উপজেলার ভদ্রাসন স্কুল ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—দেলোয়ার (৫০), সিরাজুল শেখ (৪৫), জুয়েল বেপারী (২৩) ও মহাসীন বেপারী (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রাসন স্কুল ঘাট এলাকায় এক স্কুলছাত্রীকে পার্শ্ববর্তী জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের কয়েকজন যুবক উত্ত্যক্ত করে। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে জখম করে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটি ভ্যান গ্যারেজে ভাঙচুর চালানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শামিম সর্দার, ফাহাদ সর্দার, নিশিত সর্দার, শাহ আলম সর্দার, সজিব বেপারী, পিঞ্জয় সর্দার ও সিয়াম সর্দারের নাম অভিযোগে উঠে এসেছে। তারা সবাই শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
শিবচর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments