মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর
বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার (১৭ মে) দুপুরে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন।
পরিদর্শনকালে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "এ অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বসবাস করে। নদী পাড়ের মানুষগুলো সব সময় ভাঙন, প্লাবন ও বন্যার মতো পরিস্থিতির মোকাবেলা করছে। বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন এবং প্রতিটি সমস্যার সমাধানে নির্দেশনা দিচ্ছেন।"
মন্ত্রী আরও বলেন, "মেঘনা নদীর ভাঙন আমরা সরেজমিনে প্রত্যক্ষ করলাম। আমাদের চোখের সামনেই অনেক বাজার, স্কুল-কলেজ ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একটি স্কুল ভেঙে পড়ার দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী ভাঙন প্রতিরোধে আমরা দ্রুত জরুরি কাজ হাতে নিয়েছি। আমার বিশ্বাস, প্রশাসন ও স্থানীয়রা মিলে একসাথে কাজ করলে মানুষ দ্রুত এর সুফল পাবে।"
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments