অন্তর্বর্তী সরকার ঢাকা শহরকে গত ১৮ মাসে অন্তত ১৮ বছর পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি অভিযোগ করেন, পরিবেশ নিয়ে যারা সোচ্চার ছিলেন, তারাই ক্ষমতায় এসে পরিবেশের ‘বারোটা’ বাজিয়ে গেছেন।
রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে ঢাকা এখন যানজট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগের শহরে পরিণত হয়েছে। শুধু বড় বড় কথা বললেই পরিবেশ রক্ষা হয় না, এর জন্য প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। আমাদের প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতিকেও সহজভাবে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’
নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা শহরকে বাঁচাতে হলে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ সিটি করপোরেশনের। মানুষ সচেতন না হলে ২৫ বছরেও ঢাকার চেহারা বদলানো সম্ভব নয়। সম্প্রতি মশার লার্ভা জরিপ করতে গিয়ে দেখা গেছে, অনেক অভিজাত কোয়ার্টারেও নিজেদের অবহেলায় মশার ফ্যাক্টরি তৈরি করে রাখা হয়েছে। পরে দায় চাপানো হয় সিটি করপোরেশনের ওপর।’
শহর সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি জানান, রাস্তা বারবার খুঁড়তে যাতে না হয় সেজন্য ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে সব ক্যাবল আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে। আসন্ন কোরবানি ঈদে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নদী ও খাল দখল প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘নদী ও রেলপথ উন্নত করতে পারলে সড়কের ওপর চাপ কমত। কিন্তু ভূমিদস্যুদের কারণে নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় এখন নিউমার্কেটের মতো এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।’
বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সভায় পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments