নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই। তার বিরুদ্ধে দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৭ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা স্থগিতাদেশের আবেদনে ‘নো অর্ডার’ প্রদান করেন।
আইভীর আইনজীবীরা জানিয়েছেন, এর আগে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি হত্যা মামলায় (সেলিম মন্ডল ও আবদুস সালাম হত্যা) তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজকের আদেশের ফলে মোট ১২টি মামলাতেই তার জামিন বহাল থাকল, যার ফলে তার কারাগার থেকে বের হতে আর কোনো বাধা রইল না।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, এস এম সিদ্দিকুর রহমান ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মন্ডল ও আবদুস সালামকে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় এই দুটি মামলা দায়ের করা হয়েছিল। গত ৩০ এপ্রিল হাইকোর্ট এই দুই মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার আদালত আজ তা খারিজ করে দেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও ১১টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সবকটি মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তির পথ সুগম হলো।
মানবকণ্ঠ/আরআই




Comments