Image description

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনের অনুপস্থিতি। সোমবার (১ জুন) ঘোষিত চূড়ান্ত দলে অধিনায়ক মেহদি তারেমি ও উইঙ্গার আলিরেজা জাহানবখশ জায়গা পেলেও বাদ পড়েছেন আজমুন।

ইরানের ফুটবল ইতিহাসের অন্যতম সফল গোলদাতা সর্দার আজমুন জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭টি গোল করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলা এই ফরোয়ার্ডকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে ইরানি ফুটবল অঙ্গনে বেশ আলোচনা হচ্ছে। 

স্থানীয় গণমাধ্যমের দাবি, রাজনৈতিক কারণে সরকারের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠায় তাকে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট আবদোলকারিম হোসেইনজাদেহ তাকে ফেরানোর চেষ্টা করলেও কোচ আমির ঘালেনোই নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

আজমুন না থাকায় ইরানের আক্রমণভাগের মূল ভরসা এখন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ মেহদি তারেমি। বাছাইপর্বে ১৫ ম্যাচে ১০ গোল করে দলকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। তার সঙ্গে উইঙ্গার হিসেবে থাকছেন আলিরেজা জাহানবখশ।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম (২১ জুন) ও মিসর (২৬ জুন)। রাজনৈতিক উত্তেজনার কারণে শুরুতে নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতা থাকলেও শেষ পর্যন্ত মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানাকে নিজেদের বেসক্যাম্প হিসেবে বেছে নিয়েছে দেশটি।

উল্লেখ্য, ইরান এ পর্যন্ত ছয়বার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। এবার তারেমি-জাহানবখশদের হাত ধরে প্রথমবার নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন দেখছে ইরানি সমর্থকরা।

ইরানের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।

মানবকণ্ঠ/ডিআর