তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে শক্তিশালী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন এই গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে দীর্ঘ চার বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
বুধবার (৩ জুন) এই স্কোয়াড ঘোষণা করা হয়। দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ওপর। ৩০ বছর বয়সী মোসাদ্দেক হোসেন সৈকত সবশেষ ২০২২ সালের আগস্ট মাসে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও নির্বাচকদের আস্থায় ফিরলেন তিনি।
মোসাদ্দেকের পাশাপাশি দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। ইনজুরি ও অফ-ফর্মের কারণে তিনি গত নিউজিল্যান্ড সিরিজ মিস করেছিলেন। তবে সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
টাইগারদের ব্যাটিং স্তম্ভ হিসেবে স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। বোলিং ইউনিটে মুস্তাফিজ-তাসকিনের অভিজ্ঞতার পাশাপাশি গতির ঝড় তুলতে থাকছেন তরুণ তুর্কি নাহিদ রানা। স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হিসেবে থাকছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
মানবকণ্ঠ/আরআই




Comments