Image description

লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শক্তির মহড়া দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচে মেসি পুরো সময় বেঞ্চে বসে থাকলেও আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে একপ্রকার নাস্তানাবুদ করে ছেড়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৩৭তম মিনিটে বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ। এই লিড নিয়েই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ৫৪তম মিনিটে লাউতারো মার্টিনেজের চমৎকার এক অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন তরুণ তুর্কি জুলিয়ানো সিমিওনে। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে চলে আসে।

পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তারা প্রতিপক্ষের গোলপোস্টে মোট ৯টি অন-টার্গেট শট নেয়। বিপরীতে, রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা হন্ডুরাস পুরো ম্যাচে একটিও অন-টার্গেট শট নিতে পারেনি।

এদিন মেসি ছাড়াও রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ স্কালোনি। তবে বিকল্প একাদশ নিয়েও দলের এমন পারফরম্যান্স বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

মানবকণ্ঠ/আরআই