Image description

২০২৬ ফিফা বিশ্বকাপের ডামাডোল বাজার ঠিক আগ মুহূর্তে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। তরুণ তুর্কি এন্ড্রিকের জয়সূচক গোলে জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই রাফিনিয়ার আক্রমণাত্মক ফুটবলে মিশরকে চাপে রাখে ব্রাজিল। গোলের জন্য তাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। সপ্তম মিনিটেই লিড পায় তারা। মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জালে জড়ান ব্রুনো গিমারায়েস। তবে উদযাপনের রেশ কাটতে না কাটতেই বড় ভুল করে বসেন পিএসজি তারকা মার্কিনিয়োস। তাঁর একটি লক্ষ্যহীন ব্যাকপাস থেকে বল কেড়ে নিয়ে অ্যালিসনকে পরাস্ত করেন মিশরের মোস্তফা জিকো। ১১ মিনিটেই সমতায় ফেরে মিশর।

বিরতির পর কৌশলে বড় পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। দলের ধার বাড়াতে একসঙ্গে আটজন খেলোয়াড় বদল করেন তিনি। এর ফলও মেলে হাতেনাতে। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন ১৯ বছর বয়সী বিস্ময়বালক এন্ড্রিক। বাকি সময় মিশর গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালালেও ব্রাজিলের রক্ষণভাগ ছিল অটুট। বিশেষ করে মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর বেশ কয়েকটি দারুণ সেভ না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত।

বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে টানা দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেল ব্রাজিল। এর আগে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল তারা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপার অভিযান। গ্রুপ ‘সি’-তে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড।

মানবকন্ঠ/আরআই