Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (৭ জুন) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তামিমই ছিলেন একমাত্র প্রার্থী, ফলে ভোট ছাড়াই তিনি সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। এরপর সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু পেয়েছেন ৭২ ভোট করে। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।

এ ছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে, আসিফ রাব্বানি ৬৪টি, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি, রফিকুল ইসলাম বাবু ৫৩টি এবং ডা. মাহবুব শামীম ৪১টি ভোট পেয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নতুন নেতৃত্বে এবার বাংলাদেশের ক্রিকেট পরিচালনার দায়িত্বে থাকবেন তামিম ইকবাল ও তার নির্বাচিত পরিচালনা পর্ষদ।