আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে মেক্সিকোতে পৌঁছেছে জাতীয় ফুটবল দল । চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার আগে দলটি সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি ও অনুশীলন করবে।
দলের অধিনায়ক এহসান হাজসাফি সবার আগে বিমান থেকে নামেন এবং পুরো দলকে নেতৃত্ব দেন। টিজুয়ানা বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষা শেষে খেলোয়াড়রা বাসে করে হোটেলের উদ্দেশে রওনা দেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ইরানি সমর্থক জাতীয় পতাকা উড়িয়ে দলকে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই কিছু জটিলতা ছিল। ইরান-ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কারণে ভিসা প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়ে দলটি।
এ কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে নির্ধারিত প্রশিক্ষণ ক্যাম্প সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় নেওয়া হয়। এর আগে দলটি তুরস্কের আন্টালিয়ায় অনুশীলন করছিল। সেখান থেকে একটি বিশেষ বিমানে করে তারা মেক্সিকোতে পৌঁছায়।
গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে এই পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণকে উপযুক্ত মনে করেন না বলে মন্তব্য করেন।
তবে ইরান জাতীয় দলের পক্ষ থেকে এর কড়া জবাব দেওয়া হয়। তারা জানায়, বিশ্বকাপে অংশ নেওয়া থেকে ইরানকে বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই।
সব বিতর্ক ও বাধা পেরিয়ে এখন বিশ্বকাপের মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত ইরান ফুটবল দল।




Comments