Image description

সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরে মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৮৬ রান এবং দুই টপ-অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে লাল-সবুজের দল।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসান মাত্র ৫ রান করে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম মিলে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। ৫ ওভারের মাথায় ব্যক্তিগত রানে শান্ত স্লিপে মারনাস লাবুশেনের হাতে জীবন পাওয়ার পর এই জুটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। পাওয়ার প্লে-র ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান তোলে বাংলাদেশ।

দুই ব্যাটার মিলে মাত্র ৯১ বলে ৯৬ রানের চমৎকার এক পার্টনারশিপ গড়েন। দলীয় ১০৬ রানে তানজিদ তামিম ৪৪ বলে ৫৪ রান করে নাথান এলিসের বলে আউট হলে এই জুটি ভাঙে। এটি ছিল তামিমের ওয়ানডে ক্যারিয়ারের ৭ম হাফসেঞ্চুরি। তার ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল।

তামিম বিদায় নেওয়ার পর লিটন দাস ক্রিজে এসে থিতু হতে পারেননি, ১৯ রান যোগ করতেই ব্যক্তিগত ১১ রানে বিদায় নেন তিনি। তবে অন্যপ্রান্তে শান্ত ওয়ানডে ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি তুলে নেন। দলীয় ১৪০ রানে আউট হওয়ার আগে শান্ত ৮৬ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে খেলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস।

মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ৩১ রান করে আউট হওয়ার পর দ্রুতই বিদায় নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪) ও তানভির ইসলাম (৫)। ২১৫ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন কিছুটা চাপে, তখন হাল ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন।

অষ্টম উইকেটে পেসার তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ৪৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মোসাদ্দেক। ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ হাফসেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত তিনি ৮৬ রানে অপরাজিত থাকেন। তার দুর্দান্ত এই ইনিংসটিতে ছিল ৩টি ছক্কা ও ৭টি চারের মার, যা বাংলাদেশকে ২৮৪ রানের বড় পুজি এনে দেয়। তাসকিন আহমেদ করেন গুরুত্বপূর্ণ ১০ রান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (বাংলাদেশ ইনিংস):

বাংলাদেশ: ২৮৪/৮ (৫০ ওভার)

প্রধান রান সংগ্রহকারী: মোসাদ্দেক হোসেন ৮৬*, নাজমুল হোসেন শান্ত ৬৭, 
তানজিদ হাসান তামিম ৫৪, তাওহিদ হৃদয় ৩১।

অস্ট্রেলিয়া বোলিং: নাথান এলিস ৩/৬০, ম্যাট রেনশ ২/৩৮, এক্সভিয়ার বার্টলেট ১/৪৫।

জিততে হলে অস্ট্রেলিয়ার প্রয়োজন: ৫০ ওভারে ২৮৫ রান।

মানবকন্ঠ/আরআই