ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। তবে মাঠের নান্দনিক ফুটবলের পাশাপাশি সেলেসাওদের নামের পাশে রয়েছে একটি অস্বস্তিকর রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার লজ্জার রেকর্ডটি এখনো ব্রাজিলের দখলে।
বিশ্বমঞ্চে ব্রাজিলের খেলোয়াড়রা এখন পর্যন্ত মোট ১১টি লাল কার্ড দেখেছেন, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। এর মধ্যে অন্যতম উদাহরণ ১৯৫৪ বিশ্বকাপের হাঙ্গেরির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি, যা ফুটবলের ইতিহাসে ‘ব্যাটল অব বার্ন’ নামে পরিচিত। সেই ম্যাচে মাঠের মারামারি ও ফাউলের কারণে ব্রাজিলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেন এবং ম্যাচ শেষেও দুপক্ষের খেলোয়াড়রা ড্রেসিংরুমে মারামারিতে জড়ান।
লাল কার্ডের তালিকায় শীর্ষ ৩
১. ব্রাজিল (১১টি)
২. আর্জেন্টিনা (১০টি)
৩. উরুগুয়ে ও ক্যামেরুন (৯টি করে)
হলুদ কার্ডের তালিকায় শীর্ষ ৩
১. আর্জেন্টিনা (১২৩টি)
২. জার্মানি (১২১টি)
৩. ব্রাজিল (১১৪টি)
সর্বমোট কার্ডের রেকর্ড: তবে লাল ও হলুদ কার্ড মিলিয়ে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি শাস্তি পাওয়া দলটির নাম আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা মোট ১৩৩টি কার্ড (১২৩টি হলুদ + ১০টি লাল) দেখে তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে, মোট ১২৫টি কার্ড নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
মানবকন্ঠ/আরআই




Comments