Image description

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের হরিণটানা খালে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে কৈখালী কোস্টগার্ড। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩০), একই গ্রামের মৃত মতিয়ার গাজীর ছেলে ফারুক হোসেন (৩২) ও আচারণ গাজীর ছেলে আজিবর গাজী (৩৫)।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সুন্দরবনের হরিণটানা খাল এলাকায় একদল জলদস্যু ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে কৈখালী কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনজনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

বুধবার সকালে আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর