Image description

নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত মধ্যরাতে এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটে। বুধবার সকালে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় ও তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে তিন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে আগুন লাগিয়ে নিচে নেমে যাচ্ছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে আগুনের পোড়া দাগ ও কালচে চিহ্ন পড়ে আছে। তবে স্থাপনাটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, খবর পেয়ে সকালে পুলিশ সুপার তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন বা দাহ্য পদার্থ ব্যবহার করে এই আগুন লাগানো হয়েছিল।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর