Image description

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে সিএনজি চালক আক্কাস মিয়া (৪০) এবং রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ড্রাম ট্রাক মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এসময় সিএনজিটি পার্শ্ববর্তী ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই চালক আক্কাস মিয়া নিহত হন। স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন মারা যান। গুরুতর আহত অপর দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর