চাঁদপুরের মতলব উত্তরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মাল (৩৬) এবং ধর্ষণে সহায়তার অভিযোগে ভিকটিমের আপন বড় বোন মোসা. তানিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে ভিকটিমের মা জীবিকার তাগিদে দুবাই পাড়ি জমান। এরপর থেকে ওই কিশোরী তার বড় বোন তানিয়া আক্তারের বাড়িতে থেকে পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, গত ২০২৫ সালের ১২ অক্টোবর পশ্চিম হানিরপাড় গ্রামে বড় বোন তানিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় কাইয়ুম মাল ওই কিশোরীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।
সম্প্রতি প্রায় এক মাস আগে ওই কিশোরীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ওই কিশোরী বর্তমানে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে তার বড় বোনের সহায়তায় কাইয়ুম মালের লালসার শিকার হওয়ার বিষয়টি প্রকাশ করে।
এ ঘটনায় বুধবার (১০ জুন) ভিকটিমের পক্ষ থেকে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এসআই মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পশ্চিম হানিরপাড় এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা আসামিদের গ্রেপ্তার করেছি। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments