Image description

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সেনেগাল ফুটবল দলের খেলোয়াড়দের নিরাপত্তা তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদিও মানে ও কালিদু কুলিবালি-সহ পুরো সেনেগাল দলকে খোলা জায়গায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এ দৃশ্য দেখে অনেক ফুটবলপ্রেমী ক্ষোভ প্রকাশ করেন এবং সামাজিক মাধ্যমে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলেন।

অনেকের প্রশ্ন ছিল, অন্যান্য দেশের দলগুলোর ক্ষেত্রে এমন দৃশ্য দেখা না গেলেও কেন সেনেগালের মতো একটি আফ্রিকান দলের খেলোয়াড়দের এভাবে তল্লাশির মুখোমুখি হতে হলো। কেউ কেউ এটিকে ‘অপমানজনক’ বলেও মন্তব্য করেন।

তবে পরে সেনেগালিজ ফুটবল ফেডারেশন (এফএসএফ) এক বিবৃতিতে জানায়, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ভুল ব্যাখ্যা ছড়িয়েছে। ফেডারেশনের দাবি, ভিডিওতে দেখা তল্লাশি সান আন্তোনিও বিমানবন্দরে অবতরণের পর নয়; বরং নর্থ ক্যারোলাইনার রলি বিমানবন্দর থেকে সান আন্তোনিওগামী ব্যক্তিগত বিমানে ওঠার আগে নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, খেলোয়াড়দের সময় বাঁচাতে দলকে সরাসরি হোটেল থেকে বিমানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে বিমানবন্দরের মূল টার্মিনালে না গিয়ে টার্ম্যাকেই নিরাপত্তা ও পুলিশি তল্লাশি সম্পন্ন করা হয়।

এদিকে বিতর্কের মধ্যেই আসন্ন বিশ্বকাপে ভালো ফলের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সেনেগাল। ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে দলটি, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ অভিজ্ঞ ফরোয়ার্ড সাদিও মানে।