পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এতে আরোহী সবাই নিহত হয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, রাশিয়ায় নির্মিত এমআই-১৭ পরিবহন হেলিকপ্টারটি উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। পরে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে হেলিকপ্টারে থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় তদন্তের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হলেও বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে ২০২৫ সালের আগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছিলেন।




Comments