গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার বিকেলে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি উত্তরা ইউনিভার্সিটি-এর শিক্ষার্থীদের বহন করছিল।
জানা গেছে, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মাওনার আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হন। গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।




Comments