দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রয়োজনীয় তথ্য, মতামত ও প্রতিবেদন পেশ করবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকের মতো বৃহৎ একটি প্রতিষ্ঠানে পর্যবেক্ষক নিয়োগের এই উদ্যোগ ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং শৃঙ্খলা জোরদার করতে সহায়ক হবে।
উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংকটির বিভিন্ন শাখায় অস্থিরতা তৈরি হয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর আমানতের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং উল্লেখযোগ্য পরিমাণ আমানত তুলে নেওয়ার ঘটনা ঘটে। এর ফলে ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে পুরো ব্যাংক খাতে আলোচনার সৃষ্টি হয়।
দেশের বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরাও ইসলামী ব্যাংকের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের মতে, দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক এই ব্যাংকের যেকোনো সংকট পুরো আর্থিক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments