Image description

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত একটি বিশেষ মিউজিক ভিডিওর টিজারে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

সম্প্রতি প্রকাশিত মাত্র ৪৫ সেকেন্ডের ‘সির সির’ শিরোনামের ওই টিজারেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওতে লাল-সাদা পোশাকে প্রাণবন্ত নৃত্য পরিবেশনায় দেখা যায় নোরাকে, যা দর্শকদের বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।

জানা গেছে, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে তৈরি এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় কোরিওগ্রাফার রাজিত দেব। শুটিংয়ের জন্য পুরো টিম সময় পেয়েছিল মাত্র ১৫ মিনিট, সেই সময়ের মধ্যেই দৃশ্যধারণ সম্পন্ন করা হয়।

নোরা ফাতেহি বলেন, ‘সির সির’ গানে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে একটি বিশ্বমানের প্রজেক্ট তৈরি করা হয়েছে। এতে মরক্কো, কানাডা এবং ভারতের সাংস্কৃতিক প্রভাব একসঙ্গে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনে অংশ নিতে পারা তার ক্যারিয়ারের জন্য একটি বড় অর্জন এবং এটি তাকে গভীরভাবে আবেগিত করেছে।

প্রকাশের পর থেকেই টিজারটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক মাধ্যমে চলছে প্রশংসা ও আলোচনা।