Image description

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেই কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে বিমানবন্দরে নামার পর দীর্ঘ সময় ধরে অভিবাসন ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।

‘জার্নাল ও গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সহায়ক কর্মী-কারও ক্ষেত্রেই কোনো বিশেষ ছাড় দেওয়া হয়নি। বিশ্ব তারকাদেরও সাধারণ যাত্রীর মতোই কঠোর নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।

নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে সবাইকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয়। লাগেজ, ব্যক্তিগত ব্যাগ ও সরঞ্জাম বিস্তারিতভাবে স্ক্যান করা হয়। এমনকি কিছু খেলোয়াড়কে জুতা খুলেও তল্লাশি দিতে হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ এই প্রক্রিয়ার কারণে বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয় ব্রাজিল দলকে। বিষয়টি খেলোয়াড়দের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও যুক্তরাষ্ট্রের কড়া নিরাপত্তা বিধির কারণে সবাইকে নিয়ম মেনে চলতে হয়েছে।

বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। বিভিন্ন দেশের দল ও কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি অনুসরণ করা হচ্ছে।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দল আগামী ১৪ জুন (বাংলাদেশ সময়) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।